যিহোশূয়13
যেসব দেশ এখনও দখল করা হয়নি
1যিহোশূয় বৃদ্ধ হয়ে যাওয়ার পর সদাপ্রভু তাঁকে বললেন, “তুমি খুব বৃদ্ধ হয়ে গিয়েছ, আর দেশের বিস্তর এলাকা এখনও দখল করা হয়ে ওঠেনি।2“এসব দেশ এখনও অবশিষ্ট আছে:“ফিলিস্তিনী ও গশূরীয়দের সমস্ত অঞ্চল,3মিশরের পূর্বদিকে প্রবাহিত সীহোর নদী থেকে উত্তর দিকে ইক্রোণের এলাকা পর্যন্ত বিস্তৃত এলাকা, যার সম্পূর্ণটাই কনানীয়দের অধিকাররূপে গণ্য, যদিও গাজা, অস্দোদ, অস্কিলোন, গাৎ ও ইক্রোণে রাজত্বকারী পাঁচজন ফিলিস্তিনী রাজা তা দখল করে রেখেছে; দক্ষিণ দিকে4অব্বীয়দের এলাকা; সীদোনীয়দের আরা থেকে অফেক পর্যন্ত ও ইমোরীয়দের সীমানা পর্যন্ত বিস্তৃত কনানীয়দের দেশ;5গিব্লীয়দের অঞ্চল; এবং পূর্বদিকে হর্মোণ পর্বতের নিচে অবস্থিত বায়াল-গাদ থেকে লেবো-হমাৎ পর্যন্ত বিস্তৃত সমগ্র লেবানন।6“লেবানন থেকে মিষ্রফোৎ-ময়িম পর্যন্ত বিস্তৃত পার্বত্য অঞ্চলের সমস্ত অধিবাসীকে, অর্থাৎ, সীদোনীয়দের সবাইকে আমি স্বয়ং ইস্রায়েলীদের সামনে থেকে তাড়িয়ে দেব। তোমাকে আমি যেমন নির্দেশ দিয়েছিলাম, সেই অনুসারে এক উত্তরাধিকাররূপে এই দেশটি তুমি অবশ্যই ইস্রায়েলীদের জন্য বরাদ্দ কোরো,7এবং এটি এক উত্তরাধিকাররূপে নয় বংশের ও মনঃশির অর্ধেক বংশের মধ্যে ভাগ করে দিয়ো।”