ইয়োব5

1“ডাকতে চাইলে ডাকো, কিন্তু কে তোমায় উত্তর দেবে?পবিত্রজনেদের মধ্যে তুমি কার শরণাপন্ন হবে?2বিরক্তিভাব মূর্খকে হত্যা করে,আর হিংসা সরল লোককে বধ করে।3আমি স্বয়ং এক মূর্খকে মূল বিস্তার করতে দেখেছি,কিন্তু হঠাৎ তার বাড়ি অভিশপ্ত হয়ে গেল।4তার সন্তানেরা নিরাপত্তাহীন হল,রক্ষক বিনা কাছারিতে নিষ্পেষিত হল।5ক্ষুধার্ত লোক তার ফসল খেয়ে ফেলে,কাঁটাঝোপ থেকেও সেগুলি তুলে নেয়,আর তৃষ্ণার্তরা তার সম্পত্তির জন্য আকাঙ্ক্ষিত হয়।6কারণ মাটি থেকে কষ্ট উৎপন্ন হয় না,জমি থেকেও অনিষ্ট অঙ্কুরিত হয় না।7তবুও মানুষ অসুবিধা ভোগ করার জন্যই জন্মায়,ঠিক যেভাবে অগ্নিস্ফুলিঙ্গ উপরের দিকে উঠে যায়।
8“কিন্তু আমি যদি তোমার জায়গায় থাকতাম, আমি ঈশ্বরের কাছে আবেদন জানাতাম;তাঁর কাছেই আমার উদ্দেশ্য ব্যক্ত করতাম।9তিনি এমন সব আশ্চর্য কাজ করেন যা অনুভব করা যায় না,এমন সব অলৌকিক কাজ করেন যা গুনে রাখা যায় না।10তিনি ধরণীতে বৃষ্টির জোগান দেন;তিনি গ্রামাঞ্চলে জল পাঠান।11সহজসরল লোককে তিনি উন্নত করেন,আর শোকার্তদের নিরাপত্তা দেন।12ধূর্তদের পরিকল্পনা তিনি ব্যর্থ করেন,যেন তাদের হাত কোনও সাফল্য লাভ না করে।13জ্ঞানীদের তিনি তাদের ধূর্ততায় ধরে ফেলেন,আর শঠের ফন্দি দ্রুত নিশ্চিহ্ন হয়ে যায়।14দিনের বেলাতেই তাদের উপর অন্ধকার নেমে আসে,মধ্যাহ্নে তারা রাতের মতো হাতড়ে বেড়ায়।15অভাবগ্রস্তকে তিনি শব্দবাণ থেকে রক্ষা করেন;তিনি তাদের শক্তিশালীদের খপ্পর থেকে রক্ষা করেন।16তাই দরিদ্র আশায় বুক বাঁধে,আর অবিচার নিজের মুখে কুলুপ আঁটে।
17“ধন্য সেই জন যাকে ঈশ্বর সংশোধন করেন;তাই সর্বশক্তিমানের  শাস্তি তুচ্ছজ্ঞান কোরো না।18কারণ তিনি আঘাত দেন, কিন্তু শুশ্রুষাও করেন;তিনি ক্ষতিগ্রস্ত করেন, কিন্তু তাঁর হাত সুস্থও করে তোলে।19ছয়টি বিপর্যয় থেকে তিনি তোমাকে রক্ষা করবেন;সপ্তমটিতেও কোনও অনিষ্ট তোমাকে স্পর্শ করবে না।20দুর্ভিক্ষের সময় তিনি তোমাকে মৃত্যু থেকে,আর যুদ্ধের সময় তরোয়ালের আঘাত থেকে রক্ষা করবেন।21জিভের কশাঘাত থেকে তুমি সুরক্ষিত থাকবে,আর বিনাশকালেও ভয় পাবে না।22ধ্বংস ও দুর্ভিক্ষ দেখে তুমি হাসবে,আর বুনো পশুদেরও ভয় পাবে না।23কারণ জমির পাথরগুলির সঙ্গে তুমি চুক্তিবদ্ধ হবে,আর বুনো পশুরাও তোমার সঙ্গে শান্তিতে থাকবে।24তুমি জানবে যে তোমার তাঁবু নিরাপদ;তুমি তোমার সম্পত্তির পরিমাণ যাচাই করবে ও দেখবে একটিও হারায়নি।25তুমি জানবে যে তোমার সন্তানেরা অসংখ্য হবে,ও তোমার বংশধরেরা মাটির ঘাসের মতো হবে।26পূর্ণ প্রাণশক্তি নিয়ে তুমি কবরে যাবে,যেভাবে শস্যের আঁটিগুলি যথাসময়ে সংগৃহীত হয়।
27“আমরা এর পরীক্ষা করেছি, আর তা সত্যি।তাই একথা শোনো ও নিজের জীবনে প্রয়োগ করো।”