যিরমিয়40
যিরমিয়ের মুক্তি
1রাজরক্ষীদলের সেনাপতি নবূষরদন, যিরমিয়কে রামা-নগরে মুক্তি দেওয়ার পর, সদাপ্রভুর বাক্য যিরমিয়ের কাছে উপস্থিত হল। নবূষরদন জেরুশালেম ও যিহূদার যে সমস্ত বন্দিকে ব্যাবিলনে নির্বাসিত করার জন্য নিয়ে যাচ্ছিলেন, তাদের মাঝে যিরমিয়কে শৃঙ্খলে বদ্ধ অবস্থায় দেখতে পান।2রক্ষীদলের সেনাপতি যখন যিরমিয়কে দেখতে পেলেন, তিনি তাঁকে বললেন, “আপনার ঈশ্বর সদাপ্রভু এই স্থানের বিরুদ্ধে এই বিপর্যয়ের কথাই ঘোষণা করেছিলেন।3এখন সদাপ্রভু তাই ঘটতে দিয়েছেন। তিনি যেমন করবেন বলেছিলেন, ঠিক তেমনই করেছেন। এই সমস্তই এজন্য ঘটেছে, কারণ আপনারা সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছেন ও তাঁর আদেশ পালন করেননি।4কিন্তু আমি আজ আপনার কব্জির শৃঙ্খল থেকে আপনাকে মুক্ত করছি। আপনি যদি চান, তাহলে আমার সঙ্গে ব্যাবিলনে যেতে পারেন, আমি আপনার তত্ত্বাবধান করব। কিন্তু আপনি যদি যেতে না চান, তাহলে যাবেন না। দেখুন, সমস্ত দেশ আপনার সামনে পড়ে আছে; আপনি যেখানে ইচ্ছা সেখানে যান।”5কিন্তু, যিরমিয় সেখান থেকে ফিরে যাওয়ার আগেই নবূষরদন আরও বললেন, “আপনি শাফনের পুত্র অহীকামের পুত্র গদলিয়ের কাছে যান। ব্যাবিলনের রাজা তাঁকেই যিহূদার নগরগুলির উপরে প্রশাসকরূপে নিযুক্ত করেছেন। তাঁরই সঙ্গে আপনি লোকদের মাঝে বসবাস করুন, অথবা অন্যত্র যেখানে আপনি যেতে চান, চলে যান।”তারপর সেই সেনাপতি তাঁকে বিভিন্ন পাথেয় ও একটি উপহার দিয়ে তাঁকে বিদায় দিলেন।6অতএব, যিরমিয় মিস্পায় অহীকামের পুত্র গদলিয়ের কাছে গেলেন এবং তাঁর কাছে, দেশের ছেড়ে দেওয়া লোকদের মাঝে অবস্থিতি করলেন।