যিহিষ্কেল37
শুকনো হাড়ের উপত্যকা
1সদাপ্রভুর হাত আমার উপরে ছিল এবং তিনি সদাপ্রভুর আত্মায় আমাকে বাইরে নিয়ে গিয়ে একটি উপত্যকার মাঝখানে রাখলেন; সেটি হাড়ে ভর্তি ছিল।2তিনি আমাকে তার মধ্যে দিয়ে যাতায়াত করালেন, আর আমি সেই উপত্যকার মধ্যে অসংখ্য হাড় দেখলাম, হাড়গুলি ছিল খুব শুকনো।3তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, “হে মানবসন্তান, এই হাড়গুলি কি বেঁচে উঠতে পারে?”আমি বললাম, “হে সার্বভৌম সদাপ্রভু, তুমিই কেবল তা জান।”4তখন তিনি আমাকে বললেন, “এই হাড়গুলির উদ্দেশ্যে ভবিষ্যদ্বাণী করো এবং তাদের বলো, ‘হে শুকনো হাড়, সদাপ্রভুর বাক্য শোনো!5এই হাড়গুলিকে সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, আমি তোমাদের মধ্যে নিঃশ্বাস ঢুকিয়ে দেব আর তোমরা জীবিত হবে।6আমি তোমাদের উপরে শিরা দেব, তোমাদের উপরে মাংস তৈরি করব এবং চামড়া দিয়ে তা ঢেকে দেব; আমি তোমাদের মধ্যে নিঃশ্বাস দেব আর তোমরা জীবিত হবে। তখন তোমরা জানবে যে, আমিই সদাপ্রভু।’ ”7আমাকে যেমন আদেশ করা হয়েছিল তেমনই আমি ভবিষ্যদ্বাণী করলাম। আর আমি যখন ভবিষ্যদ্বাণী করছিলাম, তখন একটি আওয়াজ হল, একটি ঘর্ঘর শব্দ, আর হাড়গুলি প্রত্যেকটা নিজের নিজের হাড়ের সঙ্গে যুক্ত হল।8আমি দেখলাম, আর তাদের উপরে শিরা হল ও মাংস উৎপন্ন হল এবং চামড়া দিয়ে তা ঢাকা পড়ল, কিন্তু তাদের মধ্যে শ্বাস ছিল না।9তখন তিনি আমাকে বললেন, “বাতাসের উদ্দেশ্যে ভাববাণী বলো; হে মনুষের সন্তান, ভাববাণী বলো আর তাকে বলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, হে বাতাস, তুমি চারদিক থেকে এসো এবং এসব নিহত লোকদের মধ্যে শ্বাস দাও যেন তারা জীবিত হয়।’ ”10সেইজন্য তাঁর আদেশমতোই আমি ভবিষ্যদ্বাণী বললাম আর তখন তাদের মধ্যে শ্বাস ঢুকল; তারা জীবিত হয়ে পায়ে ভর দিয়ে উঠে দাঁড়াল, তারা ছিল এক বিরাট সৈন্যদল।11তারপর তিনি আমাকে বললেন, “হে মানবসন্তান, এই হাড়গুলি হল সমস্ত ইস্রায়েল কুল। তারা বলছে, ‘আমাদের হাড়গুলি শুকিয়ে গেছে আর আমাদের আশাও চলে গেছে; আমরা মরে গেছি।’12এজন্য তুমি ভবিষ্যদ্বাণী করো এবং তাদের বলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, হে আমার লোকসকল, আমি তোমাদের কবর খুলে দেব এবং তোমাদের সেখান থেকে বার করে আনব; তোমাদের আমি আবার ইস্রায়েল দেশে ফিরিয়ে আনব।13আমি যখন তোমাদের কবর খুলে তোমাদের বের করে আনব তখন আমার লোকেরা জানবে যে, আমিই সদাপ্রভু।14আমি তোমাদের মধ্যে আমার আত্মা দেব এবং তোমরা জীবিত হবে ও আমি তোমাদের নিজেদের দেশে বাস করাব। তখন তোমরা জানবে যে, আমি সদাপ্রভু এই কথা বলেছি এবং সেইমতো কাজ করেছি, সদাপ্রভু এই কথা বলেন।’ ”