1 রাজাবলি4
শলোমনের কর্মকর্তারা ও শাসনকর্তারা
1অতএব রাজা শলোমন সমস্ত ইস্রায়েল জুড়ে রাজত্ব করলেন।2এরাই ছিলেন তাঁর প্রধান কর্মকর্তা:সাদোকের ছেলে অসরিয় ছিলেন যাজক;3শীশার ছেলে ইলীহোরফ ও অহিয় ছিলেন সচিব; অহীলূদের ছেলে যিহোশাফট ছিলেন লিপিকার;4যিহোয়াদার ছেলে বনায় ছিলেন প্রধান সেনাপতি; সাদোক ও অবিয়াথর ছিলেন যাজক;5নাথনের ছেলে অসরিয় জেলাশাসকদের উপর ভারপ্রাপ্ত ছিলেন; নাথনের ছেলে সাবূদ ছিলেন একজন যাজক ও রাজার পরামর্শদাতা;6অহীশার ছিলেন রাজপ্রাসাদের তত্ত্বাবধায়ক; অব্দের ছেলে অদোনীরাম বেগার শ্রমিকদের উপর ভারপ্রাপ্ত ছিলেন।7সমস্ত ইস্রায়েলে শলোমন বারোজন জেলাশাসক নিযুক্ত করলেন, যারা রাজা ও রাজপরিবারের জন্য খাদ্যসম্ভার জোগান দিতেন। এক একজনকে বছরে এক এক মাসের জন্য খাদ্যসম্ভার জোগান দিতে হত।8এই তাদের নাম:
ইফ্রয়িমের পার্বত্য অঞ্চলে বিন-হূর;9মাকস, শালবীম, বেত-শেমশ ও এলোন-বেথ-হাননে বিন-দেকর;10অরুব্বোতে বিন-হেষদ (সোখো ও সমস্ত হেফর প্রদেশ তাঁর অধীনে ছিল);11নাফৎ-দোরে বিন-অবীনাদব (শলোমনের মেয়ে টাফতের সঙ্গে তাঁর বিয়ে হল);12তানক ও মগিদ্দোতে, এবং সর্তনের কাছাকাছি ও যিষ্রিয়েলের নিচে অবস্থিত বেথ-শানের সমস্ত অঞ্চলে, এবং বৈৎ-শান থেকে যকমিয়াম পার করে আবেল-মহোলা পর্যন্ত অহীলূদের ছেলে বানা;13রামোৎ-গিলিয়দে বিন-গেবর (গিলিয়দে মনঃশির ছেলে যায়ীরের গ্রামগুলি, তথা বাশনে অর্গোবের অঞ্চলটি এবং সেখানকার ব্রোঞ্জ দিয়ে তৈরি অর্গলসুদ্ধ প্রাচীরবেষ্টিত ষাটটি বড়ো বড়ো নগর তাঁর অধীনে ছিল);14মহনয়িমে ইদ্দোর ছেলে অহীনাদব;15নপ্তালিতে অহীমাস (তিনি শলোমনের মেয়ে বাসমৎকে বিয়ে করলেন);16আশেরে ও বালোতে হূশয়ের ছেলে বানা;17ইষাখরে পারূহের ছেলে যিহোশাফট;18বিন্যামীনে এলার ছেলে শিমিয়ি;19গিলিয়দে ঊরির ছেলে গেবর। (ইমোরীয়দের রাজা সীহোনের দেশ ও বাশনের রাজা ওগের দেশও তাঁর অধিকারে ছিল) ওই জেলায় তিনিই একমাত্র জেলাশাসক ছিলেন।